গোয়ার আকাশে মেঘের আনাগোনা ছিল না। তবে মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের সবুজ গালিচায় বাংলাদেশের মেয়েদের চেনা ছন্দটা যেন মেঘের আড়ালেই হারিয়ে গিয়েছিল গতকাল! সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের অলিখিত ‘ফাইনালে’ তাদের খেলায় সেই চেনা ধার, মাঠের চিরচেনা বোঝাপড়া—ছিল না কিছুই।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই–ই হলো না সেভাবে, শেষ বাঁশির পর মাঠ ছাড়তে হলো হারের বিষাদ নিয়ে। ম্যাচের ৩৬, ৭৭ ও ৮৯ মিনিটের তিনটি গোলই লিখে দিল ম্যাচের ভাগ্য। এই বড় হারের ধাক্কায় গ্রুপ ‘বি’র রানার্সআপ হয়ে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ, যেখানে ৩ জুনের অগ্নিপরীক্ষায় মারিয়া-মনিকাদের জন্য অপেক্ষা করছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল।
ম্যাচের প্রথম ১০ মিনিট বাংলাদেশের মেয়েরা কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। বিশেষ করে রাইট উইংয়ে এদিন অনেকটাই নিষ্প্রভ ছিলেন শামসুন্নাহার জুনিয়র। শুধু শামসুন্নাহার কেন, গোটা দলই থাকল নিজেদের ছায়া হয়ে।








